১৯ এপ্রিল : পাকিস্তানের ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের পর আশার সঞ্চার হলেও, আমেরিকা ও ইরানের দ্বিপাক্ষিক আলোচনার ভবিষ্যৎ ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের উপবিদেশমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনার জন্য এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি।
তাঁর বক্তব্য, আলোচনায় ফেরার আগে একটি সুস্পষ্ট ‘বোঝাপড়ার কাঠামো’ নির্ধারণ করাকেই অগ্রাধিকার দিচ্ছে তেহরান। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত একটি কূটনৈতিক ফোরামের পার্শ্ব বৈঠকে অংশ নিয়ে খাতিবজাদে বলেন, প্রথম দফার আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও তা শেষপর্যন্ত ফলপ্রসূ হয়নি।
তিনি অভিযোগ করেন, আমেরিকার ‘সর্বোচ্চ দাবি’-র কারণে আলোচনা ভেস্তে গেছে। ইরানের মতে, আলোচনার আগে ভিত্তি ও আইনি কাঠামো স্পষ্ট করা জরুরি। খাতিবজাদের কথায়, “আমরা এমন কোনও আলোচনায় বসতে চাই না, যা ব্যর্থ হওয়ারই সম্ভাবনা রাখে এবং নতুন করে উত্তেজনা তৈরির কারণ হতে পারে।”
গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনও সুনির্দিষ্ট সমঝোতা গড়ে ওঠেনি। কৌশলগত ও আইনি বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনও উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে চলতি সপ্তাহান্তেই পরবর্তী বৈঠক হতে পারে। এমনকি একাধিক প্রতিবেদনে সোমবার ফের ইসলামাবাদে বৈঠকের সম্ভাবনার কথাও উঠে এসেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা কার্যত ক্ষীণ।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথম দফার ব্যর্থতা, সমঝোতার অভাব এবং লজিস্টিক সমস্যাই এই অনিশ্চয়তার প্রধান কারণ।
এই মুহূর্তে বল ওয়াশিংটনের কোর্টে বলেই মনে করা হচ্ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে রূপরেখা চূড়ান্ত হবে, তারপরই নির্ধারিত হবে আলোচনার দিনক্ষণ। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতির নজর এখন তেহরান ও হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে।



