মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : দশম শ্রেণির পরীক্ষার কৃতী শিক্ষার্থী ও মেধা তালিকায় স্থান পাওয়া টপারদের সম্মান জানালো পাথারকান্দি সেন্টেল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। শনিবার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সংবর্ধনা জানানো হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের শুরুতেই ফুল, উত্তরীয়, করতালি এবং সম্মাননা স্মারক দিয়ে কৃতী ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। একে একে মঞ্চে ডেকে সম্মানিত করা হয় সেই সব শিক্ষার্থীদের, যারা কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই কৃতী ছাত্রছাত্রীরাই আগামী দিনের সমাজ, রাজ্য এবং দেশের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, সমগ্র সমাজের গর্ব। আমরা চাই তারা আরও বড় স্বপ্ন দেখুক, আরও উচ্চ শিখরে পৌঁছাক এবং নিজেদের সাফল্যের মাধ্যমে সমাজকে আলোকিত করুক।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও আবেগঘন কণ্ঠে শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ছাত্রছাত্রীদের সাফল্য দেখা। আজকের এই সংবর্ধনা সেই গর্বেরই প্রতিফলন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। গান, কবিতা আবৃত্তি, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং বিভিন্ন সৃজনশীল উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।



