১৮ এপ্রিল : ফের যুদ্ধবিরতি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে শান্তি চুক্তি না হলে তেহরানে পুনরায় বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বায়ুসেনা। তাঁর এই মন্তব্যে ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন বায়ুসেনার বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আর এই পরিস্থিতি দীর্ঘায়িত করতে চান না। তাঁর কথায়, “সম্ভবত আমি এটাকে আর বাড়াতে চাইব না। ইরানের বন্দর যেমন স্থবির রয়েছে, তেমনই থাকবে। যদি এই অবস্থাই বজায় থাকে, তাহলে আমরা আবার বোমা ফেলা শুরু করব।”
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল শেষ হচ্ছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ। তার আগের দিন, অর্থাৎ ২০ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকের কথা জানিয়েছে ইরানের এক উচ্চপদস্থ আধিকারিক। জানা গেছে, রবিবারই পাকিস্তানে পৌঁছবে দুই পক্ষের প্রতিনিধি দল। এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে মুখোমুখি হয় দুই দেশ। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা চালালেও কোনও সমাধানসূত্র বের হয়নি। ফলে, সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন ফের বৈঠকে বসতে চলেছে দুই পক্ষ। তবে সমাধান না মিললে পরিস্থিতি পুনরায় যুদ্ধের দিকে গড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।



