স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশে গরু পাচার করছে তৃণমূল : হিমন্ত বিশ্ব শর্মা

Spread the news

১৬ এপ্রিল : পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাংস ও মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) এমন প্রচারের মোক্ষম জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার উত্তরবঙ্গে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি শাসিত অসমে এ ধরনের কোনও নিষেধাজ্ঞা নেই এবং মানুষ স্বাধীনভাবে আমিষ খাদ্য গ্রহণ করতে পারেন। তিনি বলেন, “আপনি ধুবড়ি বা গোয়ালপাড়ায় গিয়ে ইচ্ছেমতো মাছ-মাংস খেতে পারেন; এখানে কোনও নিষেধাজ্ঞা নেই।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, অসমে একমাত্র নিষেধাজ্ঞা গরুর মাংস খাওয়া সংক্রান্ত এবং তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণেই এই বিষয়টি উত্থাপন করছেন। তিনি দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে এখানে গরুর মাংসের ব্যবসা বন্ধ হয়ে যাবে।”

এছাড়াও তিনি টিএমসির বিরুদ্ধে স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশে গরু পাচার চলতে দেওয়ার অভিযোগ তোলেন। অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের বিষয় মোকাবিলায় পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। তিনি আরও বলেন, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জয়ী করতে হবে, যাতে এই বিষয়গুলো নিশ্চিত করা যায়।

অসমের নীতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তাঁর সরকার অবৈধ দখলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং বলেন, “আমরা অবৈধভাবে দখল করা জমি থেকে তাদের উচ্ছেদ করেছি।”
সরকারি কর্মীদের সুবিধা নিয়েও তুলনা টেনে তিনি বলেন, অসমে সরকারি কর্মীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পান, যেখানে পশ্চিমবঙ্গে তা “মাত্র ২২ শতাংশ ডিএ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *