বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : মিজোরামের চাম্পাই জেলায় একাধিক অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধারাবাহিক এই অভিযানে মোট ১৮৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল দুপুর প্রায় ১টা ৫০ মিনিটে চালবাবিয়া জংশনের খানকাউন চেক গেটে ডিউটিরত পুলিশ একটি মোটরবাইক (নম্বর MZ01Y-1459) আটকায়। সন্দেহভাজন হিসেবে বাইকটি থামিয়ে তল্লাশি চালানো হলে চালক লাললামজোভা (২৩), জোখাওথার এলাকার বাসিন্দার কাছ থেকে ৬টি সাবানের বাক্সে লুকানো প্রায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১১ এপ্রিল একই চেক গেটে পুলিশ একটি সুমো গাড়ি আটকায়। গাড়িতে থাকা ইমানুয়েল লালেংকিমা (৩৩), আইজল লুয়াংমুয়াল এলাকার বাসিন্দা এবং অপর এক যাত্রী কে. লালরামমাউই (৪৪), লুংলাইয়ের ফার্ম ভেং এলাকার বাসিন্দা (বর্তমানে মায়ানমারের খাওমাউইয়ে বসবাসরত)-এর কাছ থেকে একটি রুকস্যাকের ভেতরে কাপড়ের মধ্যে লুকানো ৭২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। এই ঘটনায় দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ১০ এপ্রিল রাতে জোখাওথার এলাকায় এক ম্যাক্সি ক্যাব চালক ভ্যানলালরেমা (৪১), আইজলের বেথলেহেম ভেং এলাকার বাসিন্দা, পুলিশের কাছে জানান যে তার গাড়িতে অজ্ঞাতপরিচয় কেউ তিনটি পলিথিন প্যাকেট রেখে গেছে, যা আইজলে পৌঁছে দেওয়ার কথা ছিল। পরে পুলিশ স্টেশনে তল্লাশি চালিয়ে ওই প্যাকেটগুলির ভিতর থেকে ৫টি সাবানের বাক্সে লুকানো প্রায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষ ৮০ হাজার টাকা।
এই ঘটনায় মালিকের পরিচয় না মেলায় মাদকদ্রব্যগুলি অজ্ঞাত হিসেবে বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মায়ানমারের বাসিন্দা জোপারমাউই (৩৮)-কে আইজলের বাওংকাউন থানার সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচার রোধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।



