মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : উত্তর-পূর্ব সীমান্ত রেলের পরিষেবায় ফের ধাক্কা। দীর্ঘদিনের জনবল সঙ্কটের অভিযোগ এবার সরাসরি প্রভাব ফেলল রেল চলাচলে। এর জেরে করিমগঞ্জ–আগরতলা গামী ৭৫৬৮০ নম্বরের ডেমো ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় ৪১ মিনিট দেরিতে করিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সূত্রের খবর, ট্রেনটি দুপুর ২টা ২৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা ছেড়ে যায় বিকেল ৩টা ০৬ মিনিটে। এই বিলম্বের কারণে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীরা সমস্যায় পড়েন। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
পাথারকান্দির বাসিন্দা এক যাত্রী সঞ্জয় ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজকের যুগে মানুষ যখন মহাকাশে পৌঁছে যাচ্ছে, তখন চালকের অভাবে ট্রেন দেরিতে ছাড়বে—এটা মেনে নেওয়া যায় না। আমরা সময়মতো স্টেশনে আসি, কিন্তু পরিষেবা অনিশ্চিত।”
তিনি জানান, করিমগঞ্জ থেকে পাথারকান্দি যাওয়ার জন্য টিকিট কেটে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন ছাড়ার সঠিক সময় সম্পর্কে কোনও ঘোষণা না থাকায় তিনি রেলের এক কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। তখনই জানতে পারেন, সংশ্লিষ্ট চালক বদরপুর থেকে এসে পৌঁছানোর পরই ট্রেনটি ছাড়বে। শেষমেশ বাধ্য হয়ে টিকিট থাকা সত্ত্বেও সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
নিয়মিত যাত্রীদের অভিযোগ, উত্তর-পূর্ব সীমান্ত রেলে দীর্ঘদিন ধরেই চালকসহ বিভিন্ন পদে কর্মীর ঘাটতি রয়েছে, যার ফলে প্রায়ই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
যদিও এ বিষয়ে রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি মেলেনি, তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, হঠাৎ চালক সংকট দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ট্রেন চালানো সম্ভব হয়নি। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বলে খবর।



