মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শ্রীভূমি জেলায় চাঞ্চল্যকর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এক ভোটকেন্দ্র। হামলা, ভাঙচুর ও ভোটকর্মীদের হেনস্তার অভিযোগে কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙামাটি এলপি স্কুলে অবস্থিত ২১৪ নম্বর ভোটকেন্দ্রে। প্রিসাইডিং অফিসার তারেক আমান মজুমদার বাজারিছড়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, সেদিন সকাল প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা তাঁর পাঁচ সহযোগীকে নিয়ে অনুমতি ছাড়াই ভোটকেন্দ্রে প্রবেশ করেন।
অভিযোগ অনুযায়ী, কেন্দ্রে ঢুকেই তারা ভোটগ্রহণে নিযুক্ত কর্মীদের উপর চড়াও হন এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তরা শুধু হুমকিই দেননি, শারীরিকভাবে হেনস্তাও করেন ভোটকর্মীদের। এতে কেন্দ্রের ভেতরে কর্মরতদের পাশাপাশি লাইনে দাঁড়ানো সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই কেন্দ্র ছেড়ে চলে যান বলে জানা গেছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযুক্তরা কেন্দ্রের ভেতরে থাকা চেয়ার, টেবিল-সহ বিভিন্ন সরকারি সামগ্রী ভাঙচুর করে। এই ভাঙচুরে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ইভিএমের কন্ট্রোল ইউনিট আংশিকভাবে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যালট ইউনিট, ট্যাগ ও ভিভিপ্যাট অক্ষত রয়েছে, ফলে ভোটের তথ্য সুরক্ষিত আছে।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়, যা নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রিসাইডিং অফিসার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই অভিযোগের ভিত্তিতে বাজারিছড়া থানায় মামলা রুজু করা হয়েছে। ওসি-র তত্ত্বাবধানে তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, এই ঘটনায় অভিযুক্ত কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।



