৫ এপ্রিল : কংগ্রেসের জাতীয় নেতা পবন খেড়া-র সাম্প্রতিক সাংবাদিক সম্মেলন ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, খেড়ার বক্তব্যে দলের ভেতরের গভীর হতাশা ও আতঙ্কই প্রতিফলিত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, অসম একটি ঐতিহাসিক জনাদেশের দিকে এগোচ্ছে এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ কংগ্রেসের দুর্বল অবস্থাকেই প্রকাশ করে। খেড়ার সব অভিযোগ তিনি স্পষ্টভাবে অস্বীকার করে দাবি করেন, এগুলি জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কুৎসা ও রাজনৈতিকভাবে প্রণোদিত মিথ্যাচার।
তিনি আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ও তাঁর স্ত্রী রিণিকি ভূঞা শর্মা পৱন খেড়ার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি—দুই ধরনের মানহানির মামলা দায়ের করবেন। তাঁর কথায়, “আইনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আদালতে সত্য প্রমাণিত হলে পৱন খেড়াকে তার পরিণতির সম্মুখীন হতে হবে।”
এদিকে, রবিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা পবন খেড়া মুখ্যমন্ত্রীর স্ত্রী রিণিকি ভূঞা শর্মার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিদেশ থেকে প্রাপ্ত কিছু নথিতে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর তথ্য উঠে এসেছে, যা গণতান্ত্রিক দেশে নজিরবিহীন।
খেড়া অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট রয়েছে এবং বিদেশে সম্পত্তির সংযোগও রয়েছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন নাগরিকত্ব ও অন্যান্য বিষয়ে। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়েছেন, আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।



