বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : উধারবন্দ নির্বাচন চক্রে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মণিপুরের একাধিক বিধায়ক। বরাক উপত্যকার এই আসনের পাশাপাশি হাইলাকান্দি জেলার লালা রাজ্যসরপুরেও তিনি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিষ্ঠিত এই দল বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসামেও একইভাবে উন্নয়নমূলক কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তাঁর বক্তব্যে বরাক উপত্যকার সঙ্গে মণিপুরি সমাজের ঐতিহাসিক ও নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, মণিপুরের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হলে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র মাধ্যমে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থাও আরও গতিশীল হবে।



