লক্ষীপুরে ঐতিহাসিক জয়ের দাবি, ৪ মে বিজেপি সরকার গঠনের আশাবাদ নিতীন

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের লাবক ময়দানে অনুষ্ঠিত বিজেপি প্রার্থী কৌশিক রায়ের ‘বিজয় সংকল্প’ সমাবেশে জনতার ব্যাপক উপস্থিতি নজর কাড়ে। সমাবেশে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দাবি করেন, জনতার বিপুল সমাগমই প্রমাণ করছে যে ৯ এপ্রিল ভোটে বিজেপির পক্ষেই রায় দেবে জনগণ এবং ৪ মে রাজ্যে আবারও সরকার গঠন করবে বিজেপি। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, লক্ষীপুরের মানুষ ইতিমধ্যেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে বিজেপি প্রার্থী কৌশিক রায় বিপুল ভোটে জয়ী হয়ে ঐতিহাসিক ফল গড়বেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বে অসমের উন্নয়ন দ্রুতগতিতে এগিয়েছে। এই নেতৃত্ব রাজ্যের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা এবং প্রতিটি পরিবারকে সমৃদ্ধ করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
অনুপ্রবেশ ইস্যুতেও সরব হয়ে তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তা রাজ্যের মানুষের অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য অতীতে এই সমস্যা উপেক্ষিত ছিল, তবে বিজেপি সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, প্রার্থী ডাঃ রাজদীপ রায়, দীপায়ন চক্রবর্তী, রূপম সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *