বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : কংগ্রেসকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার গোয়ালপাড়ায় এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, কংগ্রেসের শাসনামলে রাজ্যটি অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছিল। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরলে অনুপ্রবেশের সমস্যা আরও ভয়াবহ আকার নেবে।
সভামঞ্চ থেকে শাহ দাবি করেন, কংগ্রেস সরকার এলে শুধু সাধারণ এলাকা নয়, আদিবাসী অঞ্চলগুলিও অনুপ্রবেশকারীদের কবলে পড়বে। এই প্রেক্ষিতে তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজেপিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরানোর।
তিনি বলেন, “আরও পাঁচ বছর সুযোগ পেলে চিহ্নিত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে সরিয়ে দেওয়া হবে।” আদিবাসী উন্নয়ন প্রসঙ্গে শাহ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই প্রথমবার দেশের রাষ্ট্রপতি পদে একজন আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে বসানো হয়েছে। তাঁর কথায়, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ববর্তী সরকারগুলি এই উদ্যোগ নেয়নি।
এছাড়া, আদিবাসী কল্যাণে বরাদ্দ বৃদ্ধির কথাও তুলে ধরে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে এই খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার আদিবাসী শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে বলেও জানান তিনি।
ভাষণের শেষে শাহ অসমে দুগ্ধ পরিকাঠামোর ঘাটতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি পুনরায় ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি জেলায় আধুনিক দুগ্ধ প্রকল্প গড়ে তোলা হবে। সেইসঙ্গে প্রতিটি আদিবাসী পরিবারকে একটি করে গরু ও একটি করে মহিষ দেওয়ার ঘোষণাও করেন তিনি।



