বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আসন্ন নির্বাচনের প্রাক্কালে হাইলাকান্দিতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি প্রার্থী মিলন দাসের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বিজেপি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কংগ্রেস প্রার্থী রাহুল রায়কে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, রাহুল রায় ব্যক্তিগত জীবনে দুইটি বিবাহ করেছেন এবং তিনি রাজ্যের অন্যতম ধনী প্রার্থী। এ প্রসঙ্গে তাঁর জীবনযাপন নিয়েও কটাক্ষ করে বলেন, “ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোই তাঁর অভ্যাস,” এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এছাড়াও, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে মঞ্চে উপস্থিত রেখেই তাঁর পুত্র রাহুল রায়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, এত বিপুল সম্পদের উৎস কী এবং সেই অর্থ কোথা থেকে এসেছে, তা জনসমক্ষে স্পষ্ট করা উচিত।
রাজনৈতিক আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রী সর্বভারতীয় রাজনীতির প্রসঙ্গও টেনে আনেন। তিনি মন্তব্য করেন, আসাদ উদ্দিন ওয়াসির “চিকিৎসা” তিনি জানেন—এই মন্তব্য ঘিরেও সভায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সবমিলিয়ে, হাইলাকান্দির এই বিজয় সংকল্প সমাবেশ থেকে বিজেপি প্রার্থীর পক্ষে জোরালো প্রচার চালানোর পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত জনতাকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজেপি প্রার্থী মিলন দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।



