আলগাপুরে ভোটার সচেতনতা অভিযান জোরদার, র‍্যালি ও সভায় অংশগ্রহণে উৎসাহ

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় ভোটার সচেতনতা অভিযান জোরদার করা হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে বুধবার আলগাপুর এলাকায় আয়োজন করা হয় সচেতনতা সভা ও শোভাযাত্রা।

এদিন আলগাপুর খণ্ড উন্নয়ন আধিকারিকের কনফারেন্স হলে একটি ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিক্রমজিৎ সরকার, সুগন্ধি হালাই ও শংকর চৌধুরী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর চৌধুরী জানান, নির্বাচনকে সামনে রেখে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আগামী ৯ এপ্রিল প্রত্যেক ভোটার যেন নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন, বিশেষ করে মহিলা ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পাশাপাশি নির্বাচন কমিশনের বিধি-নিষেধ ও নির্দেশিকা সম্পর্কেও উপস্থিতদের অবহিত করা হয়।

উল্লেখ্য, এর আগেও জেলার বিভিন্ন গ্রাম ও শহরে ঘুরে ভোটারদের ইভিএমে কীভাবে ভোট প্রদান করতে হয়, তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে গণতন্ত্রের এই মহাপর্বে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

সভা শেষে ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং একটি সচেতনতা র‍্যালি বের করা হয়। এই র‍্যালিতে এসআরএলএমের সখীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এসআরএলএমের ব্লক প্রজেক্ট ম্যানেজার সুগন্ধি হালাই, কর্মকর্তা অমিত রায় ও ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, ভোটারদের আকৃষ্ট করতে এসভিইইপি সেলের পক্ষ থেকে একটি বিশেষ ম্যাসকটও তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটারকে সচেতন হয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *