আপনার একটি ভোটই অসমের সুরক্ষা নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী

Spread the news

গোগামুখ ও বিহালিতে জনসভায় কংগ্রেসকে আক্রমণ মোদির______

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ধেমাজির গোগামুখ ও  বিশ্বনাথ জেলার বিহালিতে নির্বাচনী জনসভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’টি সভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করে ভাষণ রাখেন মোদি।

বুধবার বিহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনী প্রচারসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণের সূচনাতেই মহান বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেব-কে স্মরণ করে শ্রদ্ধা জানান এবং উজনি অসমের মানুষকে ভালোবাসা ও সম্মান জ্ঞাপন করেন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “বাবা বিশ্বনাথের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বনাথে বিজেপি-এনডিএকে জনগণ আবারও গ্রহণ করবে। এবারও এনডিএ সরকার গঠিত হবে।”

কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “এই প্রচারসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এই বিপুল জনসমাগম দেখে কংগ্রেসের ভীত হওয়াই স্বাভাবিক। অসমের মানুষের হৃদয়ে সবসময় এনডিএ রয়েছে। এবারও জয়ের হ্যাটট্রিক হবে। আমার জন্য আপনারাই মোদি—আপনারা ঘরে ঘরে গিয়ে যে প্রতিশ্রুতি দেবেন, তা আমি পূরণ করব।”

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, কংগ্রেসের দুর্নীতির কারণেই অসমের উন্নয়ন দীর্ঘদিন বাধাগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, “কংগ্রেসের জন্যই অসম পিছিয়ে ছিল। দখলদারদের বিরুদ্ধে বিজেপি অভিযান চালাচ্ছে, কিন্তু কংগ্রেস আবার তাদের পুনর্বাসন দেবে। তাই ভেবে-চিন্তে ভোট দিন—আপনার একটি ভোটই অসমের সুরক্ষা নিশ্চিত করবে।”

ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামী কনকলতা বরুয়া-কে স্মরণ করে বলেন, “মাত্র ১৮ বছর বয়সে তিনি দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তবুও তাঁর হাত থেকে জাতীয় পতাকা পড়তে দেননি।”

এ দিন বিহালির সভার আগে গোগামুখে প্রথম নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে অসমবাসীকে বহাগ বিহুর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আপনাদের আশীর্বাদেই আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছি এবং সেই আশীর্বাদেই অসমেও তৃতীয়বার সরকার গঠিত হবে।” তাঁর কণ্ঠে উঠে আসে স্লোগান—“আবার একবার এনডিএ সরকার।”

এছাড়াও তিনি বীর সেনাপতি লাচিত বরফুকন এবং বিশিষ্ট সংগীতজ্ঞ ভূপেন হাজরিকাকে স্মরণ করেন। প্রধানমন্ত্রী দাবি করেন, গত ১০ বছরে অসমে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এবং এবার কংগ্রেসের পরাজয়ের হ্যাটট্রিক নিশ্চিত।

অসম বিজেপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার প্রকাশিত ‘সংকল্পপত্র’ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি জানান, ইতিমধ্যে ২২ লক্ষ মানুষ পাকা ঘর পেয়েছেন এবং ভবিষ্যতে আরও ১৫ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য পরিসেবার কথাও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *