বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী শাহাজান আহমদ লস্করের সমর্থনে জনমত গড়ে তুলতে এবার সোনাইয়ে আসছেন পশ্চিমবঙ্গের সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী সায়নি ঘোষ। বৃহস্পতিবার বিকাল ৫টায় সোনাই বাজারের ময়ীনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে একটি বৃহৎ জনসভায় অংশ নেবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।
বুধবার সোনাই ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সায়নি ঘোষের আসার কথা জানিয়ে প্রার্থী শাহাজান আহমেদ লস্কর বলেন, সভায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ দলের একাধিক শীর্ষ নেতারও। তাঁদের উপস্থিতি সোনাই কেন্দ্রে তৃণমূলের প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সফর সোনাইয়ের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদী, এই জনসভা তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন আরও দৃঢ় করবে।



