সোনাইয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়, অগপ প্রার্থীকে সমর্থন সমাজবাদীর

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হল। সমাজবাদী পার্টি সোনাই আঞ্চলিক নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদ (অগপ)-এর প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়াকে সমর্থন জানিয়েছে।মঙ্গলবার রাতে দক্ষিণ কৃষ্ণপুরের একটি ভবনে আয়োজিত এক সভায় সমাজবাদী পার্টির সোনাই শাখার নেতা-কর্মীরা এই সমর্থনের কথা ঘোষণা করেন। সভায় নেতৃত্ব দেন দলের টিকিট প্রত্যাশী সাহানুর আলম লস্কর। তাঁর নেতৃত্বে শতাধিক কর্মী উন্নয়ন ও এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত করিম উদ্দিন বড়ভূইয়াকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, “আমি সবসময়ই এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।” তিনি আরও দাবি করেন, সোনাইর প্রাত্যেক রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তাঁর প্রতি সমর্থন জানাচ্ছেন। এদিকে তিনি কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর-কে কটাক্ষ করে বলেন, “টাকা দিয়ে টিকিট কেনার অভিযোগে সোনাইয়ের পুরনো কংগ্রেস কর্মীরা তাঁর সঙ্গে নেই। তিনি মূলত নতুন কিছু কর্মী নিয়ে প্রচার চালাচ্ছেন।” করিম উদ্দিন বড়ভূইয়া আরও বলেন, সোনাইয়ের জনগণ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেই কারণেই তাঁরা তাঁর পাশে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *