পাথারকান্দিতে বিজেপির প্রচার গাড়িতে হামলা, আহত যুবমোর্চা নেতা সহ একাধিক কর্মী

Spread the news

কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, পাল্টা অভিযোগ

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাথারকান্দি বিধানসভা এলাকায় উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। মঙ্গলবার সন্ধ্যায় বাজারঘাট-দলগ্রাম এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিজেপির একটি প্রচার গাড়িতে আচমকা হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন যুব মোর্চার সভাপতি সহ একাধিক কর্মী।

অভিযোগ, দিনভর বিজেপির একটি বাইক র‍্যালি শেষে কর্মীরা প্রচার গাড়ি নিয়ে মণ্ডল কার্যালয়ের দিকে ফিরছিলেন। ঠিক সেই সময় বাজারঘাট দলগ্রাম এলাকায় অবস্থিত একটি অস্থায়ী কংগ্রেস কার্যালয়ের সামনে পৌঁছাতেই হঠাৎই একদল দুষ্কৃতী দা, লাঠি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। আচমকা এই হামলায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলেও হামলার তীব্রতায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন পাথারকান্দি মণ্ডলের যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ এবং যুব মোর্চা কর্মী রুবেল পাল। এছাড়াও আরও কয়েকজন কর্মী আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

হামলার সময় চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাথারকান্দি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি প্রার্থী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি এই ঘটনাকে ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী বলে তীব্র নিন্দা জানান। পাশাপাশি তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান।

অন্যদিকে, এই ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, প্রথমে বিজেপি যুব মোর্চার কর্মীরাই কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে সংঘর্ষের রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *