শাসক দলের প্রচার তুঙ্গে, ডিব্রুগড়ে রাত কাটালেন প্রধানমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। প্রতিটি দলই স্টার প্রচারকদের নিয়ে জোরকদমে প্রচার শুরু করেছে। ভোটগ্রহণের আর মাত্র ৮ দিন বাকি থাকায় একের পর এক কেন্দ্রীয় নেতার আগমন ঘটছে অসমে। এরই মধ্যে মঙ্গলবার রাতে অসমে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শাসক দল বিজেপির পাশাপাশি কংগ্রেস নেতারাও বিভিন্ন কেন্দ্রে প্রচার শুরু করেছেন। মঙ্গলবার রাতে একটি বিশেষ বিমানে ডিব্রুগড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে সরাসরি ডিব্রুগড়ের মনোহরী রিসর্টে যান তিনি। ডিব্রুগড়ে রাত্রিযাপন শেষে বুধবার গোগামুখ এবং বিশ্বনাথে দুটি ‘বিজয় সংকল্প’ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ডিব্রুগড় বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি গোগামুখ ও বিশ্বনাথে যাবেন এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে জনতার কাছে ভোট প্রার্থনা করবেন। বিশ্বনাথ জেলার বিহালী এবং ধেমাজির গোগামুখে তার জনসভা অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথ জেলার বিহালী কেন্দ্রে কুলাগুড়িতে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় তিনি বিহালীর বিজেপি প্রার্থী মুনীন্দ্র দাস, বিশ্বনাথের পল্লব লোচন দাস এবং গহপুরের উৎপল বরার সমর্থনে প্রচার চালাবেন। অন্যদিকে, বিহালীর সভা শেষে গোগামুখে লখিমপুর, ঢকুশাখনা, ধেমাজি, জোনাই এবং নবগঠিত চিচিবরগাঁও কেন্দ্রে বিজেপি প্রার্থীদের পক্ষে জনসভায় ভাষণ দেবেন।

বুধবার দুইটি প্রচারসভায় অংশ নিয়ে পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল উজনির ডিব্রুগড়ের মরানে একটি বিশাল জনসভায় অংশ নেবেন তিনি। এছাড়া ডিব্রুগড়ের খোয়াং, টিংখাং, চরাইদেউ জেলার মাহমরা এবং শিবসাগরের ডিমৌ কেন্দ্রেও বিজেপি মিত্রজোট প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *