অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াল হৃদয়

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। মানবকল্যাণে নিবেদিত এই সংস্থাটি রক্তদান শিবির আয়োজন, অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান, এবং আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা এই সমস্ত উদ্যোগের মাধ্যমে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে। প্রতিনিয়ত মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থাটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

এই ধারাবাহিকতারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেল প্রায় ৪টা নাগাদ দেবদূত পয়েন্টে অবস্থিত জোয়েন্ট স্টক কোম্পানির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শরৎপল্লির বাসিন্দা আয়ুষী পালের চিকিৎসার জন্য সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জানা গেছে, আয়ুষী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং তার চিকিৎসার জন্য উল্লেখযোগ্য ব্যয়ের প্রয়োজন। সেই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। এই সহায়তা আয়ুষীর বাবা অরবিন্দ পালের হাতে তুলে দেওয়া হয়। তিনি সংস্থার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা তাঁদের কঠিন সময়ে অনেকটা ভরসা জোগায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক কৃষ্ণ কংস বণিক, সদস্য চান্দিমা দত্ত, রূপরাজ ভট্টাচার্য এবং কার্যকরী সদস্য প্রদীপ পাল ও সুব্রত কংস বণিক। উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *