৩১ মার্চ : গেরুয়া শিবিরে যোগ দিলেন ভারতের টেনিস দুনিয়ার কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। টেনিস কোর্টে নিজের অসাধারণ ব্যাকহ্যান্ড ও ভলির জন্য বিশ্বজুড়ে খ্যাত লিয়েন্ডার পেজ এবার রাজনীতির ময়দানেও নতুন ইনিংস শুরু করলেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতা।
যদিও মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি, রাজনৈতিক মহলের মতে, এই দলবদলের প্রস্তুতি শুরু হয়েছিল অন্তত এক সপ্তাহ আগে থেকেই।
উল্লেখ্য, রাজনীতিতে এটি লিয়েন্ডার পেজের প্রথম পদক্ষেপ নয়। এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেখানে তাঁকে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। সেই অধ্যায় শেষ করে এবার জাতীয় রাজনীতির মূল স্রোতে বিজেপির হয়ে কাজ করতে চান তিনি।



