লালমাটি ফেলে সোনাইকে পঁচিশ বছর পেছনে ঠেলে দিলেন সাজু : আমিনুল হক

Spread the news

দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : পাঁচ বছর নেই কোন উন্নয়নমূলক কাজ, এরমধ্যেই লালমাটি ফেলে সোনাইকে পঁচিশ বছর পেছনে নিয়ে গেলেন। আজ থেকে ২৫ বছর আগে সোনাইয়ের রাস্তাঘাটগুলো যখন জরাজীর্ণ অবস্থায় ছিল সেসময় লড়াই করে টাকা এনে রাস্তাগুলো সংস্কার করেছিলেন তৎকালীন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। আর বর্তমান সময়ে এমজিএনরেগা সহ বিভিন্ন প্রকল্প থাকা সত্বেও সময়ে কোন কাজ না করে ভোটের সময় লালমাটি ছিটিয়ে ব্যর্থতা আড়াল করার চেষ্টা চালাচ্ছেন করিম উদ্দিন বড়ভূইয়া। শুধু তা নয়, লালমাটি ফেলে মানুষকে আরও দুর্ভোগের মুখে ফেলেছেন। এ ভাবে আক্রমণ করে আমিনুল হক বলেন, নিজ কেন্দ্রের উন্নয়ন বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর ওকালতিতে ব্যস্ত হয়ে পড়েন। সোমবার দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  বিধায়ক বড়ভূইয়ার বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুঁড়েন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর।

তিনি বলেন, কেন্দ্রের উন্নয়নতো দূর, সরকারি বিভিন্ন প্রকল্প অরুণোদয়, উদ্যমিতা ইত্যাদির ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত কেন্দ্র হওয়া সত্ত্বেও মুসলিম মহিলারা এসব সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বক্তব্যে আমিনুল হক লস্কর বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার আসার পর বিভাজনের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশের নাগরিকদের সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। রাজ্যে এই রাজনীতি করে ফায়দা তুলতে মুখ্যমন্ত্রী মুসলিমদের ওপর নানা ভাবে হয়রানি করেন। তিনি বলেন, মাদ্রাসা বন্ধ থেকে শুরু করে কাজিপ্রথা, উচ্ছেদ এমন কি মিয়া বলে গোটা মুসলিম সমাজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সেই সরকারের মিত্রজোট হল এজিপি। সোনাইয়ের এজিপি প্রার্থী জয়ী করে মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দেওয়া যায় কী সেটা ভোটারদের বিচার্য বিষয়। তিনি বলেন, সোনাইয়ের অধিকাংশের বেশি মুসলিম লোকরা আমিনুল হক খারাপ লোক বলেননি, শুধু জার্সিটা গায়ে থাকায় লোকজন দূরে ছিলেন। এখন জার্সি বদল করে আপনাদের পাশে এসেছি আশীর্বাদ করবেন বলে বক্তব্যের ইতি টানেন।

এদিন প্রাক্তন শিক্ষক সাজাম উদ্দিন লস্করের সভাপতিত্বে কার্যালয় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক কমিটির সভাপতি বাবুল আহমদ বড়ভূইয়া ও প্রাক্তন ব্লক সভাপতি খসরু আলম চৌধুরী। মঞ্চে ছিলেন এপিসিসি সদস্য জিয়া উদ্দিন মজুমদার, আইনজীবী সামসুজ্জামান মজুমদার, নিজাম উদ্দিন বড়ভূইয়া, আপ্তাব উদ্দিন লস্কর, প্রদীপ কুমার সিং, মণ্ডল কংগ্রেস সভাপতি খাইরুল ইসলাম লস্কর, প্রাক্তন এপি সদস্য আতিকুর রহমান বড়ভূইয়া। সভা পরিচালনা করেন আক্তার হোসেন। এদিন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর ইছারপার, টিলাগাঁও সহ আরও এলাকায় নির্বাচনী সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *