বিপিএল খেতাব জিতল নভরাজ ওয়ারিয়র্স

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : বরাক প্রিমিয়ার লিগ (বিপিএল) খেতাব জিতল নভরাজ ওয়ারিয়র্স। ১২-১২ ওভারের ফাইনালে তারা ৩৯ রানে হারিয়ে দেয় সোনাই টাইটান্সকে। শনিবারের অঝোরে বৃষ্টিতে এসএম দেব স্টেডিয়ামের আউট ফিল্ড আজও ছিল ভেজা। তবুও রবিবার একদিনেই করতে হয়েছে দু’টি সেমিফাইনাল সহ ফাইনাল।

১২-১২ ওভারের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সোনাই টাইটান্স। নভরাজ প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। দলের পক্ষে সর্বাধিক ৬০ রান করে অপরাজিত থাকেন শুভম অরোরা। অর্ধ শতরানের ইনিংসটি সাজাতে ৫ টি বাউন্ডারি ও চারটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। দলকে মজবুত ভিতে দাঁড় করাতে শুভমের পাশে দাঁড়িয়ে দলের জয়ে অবদান রেখেছেন আমন মোখাডে (৪২) ও আয়ুস জামাল অপরাজিত (৪৩)।

বিপক্ষের সৌরভ দে, রজ্জাক উদ্দিন আহমদ ও শুভম দে প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট। পরে ব্যাটিংয়ে গিয়ে সোনাই টাইটান্স ১২ ওভারে ৭উইকেটে করেছে ১২৮ রান। তাদের দলে ভালো ব্যাটিং করে অর্ধ শতরান পেয়েছেন শুভম দে (৫৪)। এছাড়া আমন সিং (১৪), স্বরূপম পুরকায়স্থ (২৭), শুভঙ্কর বেল (১২) দুই সংখ্যার রান করেছেন।

নভরাজের বোলারদের মধ্যে আকাশ সেনগুপ্ত ও আমন মোখাডে ২টি করে উইকেট দখল করেছেন। আয়ুষ জামাল, আবির চক্রবর্তী ও অভিন্দ ভার্মা ১টি করে উইকেট নিজেদের দখলে রাখেন।

এর আগে সেমিফাইনালে নভরাজ ওয়ারিয়র্স ৪ উইকেটে হারায় ডটমেডস ইলেভেনকে এবং সোনাই টাইটান্স ৪ উইকেটে হারিয়েছে শিলচর লায়ন্সকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ফিল্ডার সোনাই টাইটান্স-র উইকেটকিপার রাসেল পেয়েছেন ২ হাজার টাকা প্রাইজমানির সঙ্গে সুবীর দত্ত রায় স্মৃতি ট্রফি। টপ সিক্স হিটার হিসেবে সঞ্জয় রায় স্মৃতি পুরস্কার পেয়েছেন নভরাজ ওয়ারিয়র্সের লক্ষ্য দালাল। সেরা বোলার হয়েছেন নভরাজের অভিন্দ ভার্মা। তিনি পেয়েছেন অমল দাস স্মৃতি পুরস্কার। সেরা ব্যাটার আমন সিং পেয়েছেন বিক্রম পালচৌধুরী স্মৃতি পুরস্কার। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নভরাজের আমন মোখাডে পেয়েছেন মেহবুব আলম মজুমদার স্মৃতি পুরস্কার। টুর্নামেন্টের সেরা নভরাজ ওয়ারিয়র্সের অভিন্দ ভার্মা পেয়েছেন সুজিত দত্ত গুপ্ত স্মৃতি পুরস্কার। সঙ্গে নগদ ৫ হাজার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, তপন রায়, বাপী দেওয়ানজি, সুধাংশু কুমার দাস, দেবাশিস স্বামী, গীতারানি পাল, আয়োজক শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের সভাপতি ডাঃ সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *