মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : নির্বাচনের আবহে রবিবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন চা-বাগান এলাকা কার্যত পরিণত হয় এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। আদমটিলা, বুবরিঘাট, লঙ্গাই, চাঁদখিরা ও লালখিরা চা বাগানে অনুষ্ঠিত ধারাবাহিক জনসভায় মানুষের ঢল নামে।
বক্তৃতায় কৃষ্ণেন্দু পাল বলেন, “পাথারকান্দির মানুষ শুধু ভোট দিতে নয়, নিজেদের ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়ে একত্রিত হয়েছেন।” তিনি দাবি করেন, গত কয়েক বছরে রাজ্যে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ ও চা শ্রমিকদের কল্যাণে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই উন্নয়ন আরও গতিশীল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।
বুবরিঘাট ও লঙ্গাইয়ের সভাগুলিতে মানুষের উচ্ছ্বাস আরও তীব্রভাবে ধরা পড়ে। স্থানীয়দের আবেগঘন অভ্যর্থনায় আপ্লুত হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, “এই ভালোবাসা শুধু আবেগ নয়, এটি দায়িত্বের বার্তা।” তিনি বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, মানুষ এখন কাজ দেখে ভোট দেয়, ফাঁকা প্রতিশ্রুতিতে আর আস্থা রাখে না।

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে চাপে রাখতে বিজেপি সংগঠন জোরকদমে প্রচার চালাচ্ছে। গ্রাম থেকে শহর, চা-বাগান থেকে বাজার—সব জায়গাতেই ভোটের হাওয়া স্পষ্ট। সব মিলিয়ে, পাথারকান্দির চা বাগানগুলিতে এই জনসভাগুলি উন্নয়নমুখী রাজনীতির এক শক্তিশালী বার্তা তুলে ধরেছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।



