কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ডিলিমিটেশনের পর প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। এবার লক্ষীপুর ও উধারবন্দের কয়েকটি জিপি সোনাই বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোনাই বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত গোবীন্দপুর-বাঁশকান্দি, গোবিন্দপুর-আলগাপুর, মণিপুর -চিরিপার, শিবপুর ও সিঙ্গেরবন্দ জিপি এলাকায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। এই পাঁচটি জিপি নিয়ে গঠিত শিবপুর -বাঁশকান্দি জেলা পরিষদ। এই জেলা পরিষদ আসনে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজয় হাসিল করেছেন কংগ্রেস দলের মনোনীত জেলা পরিষদ সদস্যা রুহিদা খানম লস্কর। কংগ্রেসের শক্ত ঘাঁটি এই পাঁচটি জিপিতে মজবুত অবস্থানে রয়েছেন সোনাইয়ের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। সোনাইয়ে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও সম্মুখসমরে রয়েছেন কংগ্রেসের আমিনুল হক লস্কর ও শাসক দলের মিত্রজোটের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া। করিম উদ্দিন বড়ভূইয়ার প্রচার সভায় জনসমাগম বাড়াতে অরুণোদয় ও মহিলা উদ্যোমিতা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস কর্মকর্তাদের।
অন্যদিকে, নড়বড়ে কংগ্রেস সংগঠন নিয়ে ভোটের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। শুক্রবার কংগ্রেস প্রার্থী আমিনুল পূর্ব গোবিন্দপুর, আলগাপুর, বাগেহর এলাকায় কয়েকটি প্রচার সভা করেন। কংগ্রেস প্রার্থীর প্রচার সভায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সাধারণ ভোটার। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, ‘আমি ভাঁওতাবাজির রাজনীতি করি না’। বলেন, বিগত পাঁচ বছরে করিম উদ্দিনের বহু ভাঁওতাবাজির নিদর্শন রয়েছে। তিনি বিধায়ক নির্বাচিত হলে জনগণের স্বার্থ সুরক্ষিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্ব আরোপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন। কংগ্রেস প্রার্থীর প্রচার সভায় স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।



