ভোটের আগে পাথারকান্দিতে দলবদলের হাওয়া, বিজেপিতে যোগ দিচ্ছেন ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘুরা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : ভোটের মুখে পাথারকান্দি বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে দেখা যাচ্ছে বড়সড় পরিবর্তন। মঙ্গলবার থেকে প্রায় প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে মানুষ বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আশ্রয় নিচ্ছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের এই স্বতঃস্ফূর্ত যোগদান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এই ধারাবাহিকতার মধ্যেই বৃহস্পতিবার লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক যোগদান অনুষ্ঠান।  দলীয় পতাকা হাতে নিয়ে, স্লোগানের মাধ্যমে তাঁরা তাঁদের নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন। উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীরা ফুলের তোড়া, গামছা এবং উষ্ণ অভিনন্দনের মাধ্যমে নবাগত সদস্যদের বরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আজ পাথারকান্দির মানুষ নিজেরাই উন্নয়নের পথ বেছে নিচ্ছেন। যে বিশ্বাস এবং ভালোবাসা মানুষ বিজেপির প্রতি দেখাচ্ছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, আমরা কাজ করে দেখিয়েছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করব। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের এই যোগদান প্রমাণ করে যে, উন্নয়ন সবার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে। তিনি আরও বলেন পাথারকান্দিকে একটি উন্নত, শিক্ষিত ও স্বনির্ভর অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি পরিবার যেন সরকারি সুবিধা পায়, প্রতিটি যুবক-যুবতী যেন কর্মসংস্থানের সুযোগ পায় এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি। আপনাদের এই সমর্থনই আমাদের শক্তি, আর আপনাদের স্বপ্নই আমাদের লক্ষ্য।

দলের অন্যান্য নেতারাও তাদের বক্তব্যে বলেন, মানুষের বিশ্বাসই দলের সবচেয়ে বড় শক্তি। নতুন সদস্যদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছ নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন। তারা আরও উল্লেখ করেন যে, দেশের অগ্রগতির এই যাত্রায় প্রত্যেক কর্মীর সক্রিয় ভূমিকা অপরিহার্য।নবাগত সদস্যরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, তারা দেশের সার্বিক উন্নয়ন, সমাজের কল্যাণ এবং এলাকার অগ্রগতির লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণায় এই দলে যোগ দিয়েছেন। তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দেন যে, দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে তারা মানুষের পাশে থেকে কাজ করবেন এবং এলাকার উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *