বরাক তরঙ্গ, ২৬ মার্চ : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বরপেটা জেলার সর্তেবাড়িতে নির্বাচনী প্রচারে অংশ নেন। এদিন তিনি এজিপি প্রার্থী দীপক কুমার দাসের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’-তে উপস্থিত থেকে জনসভায় ভাষণ দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বরপেটা কেন্দ্রে বিজেপি-এজিপি জোটের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “বরপেটা আসনে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব। আগেও বিজেপি জয়ের মাধ্যমে তা প্রমাণ করেছে, এবারও বিজেপি বা এজিপিই জয়ী হবে।” কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, “যুদ্ধে যদি প্রতিদ্বন্দ্বীই না থাকে, তাহলে লড়াই করব কার সঙ্গে?”
এদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী ‘নতুন বড় অসম’ ধারণার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গগৈ অসমের ইতিহাস ও সংস্কৃতিকে “বলিদান” দেওয়ার চেষ্টা করছেন এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব ও বৈষ্ণব সন্তদের প্রসঙ্গে ভুল তথ্য তুলে ধরছেন। শর্মা দাবি করেন, বরপেটার মানুষ এসব বিষয়ে সচেতন এবং বিভ্রান্ত হবেন না। এছাড়া, গৌরব গগৈর মন্তব্যকে লক্ষ্য করে তিনি অভিযোগ করেন যে, কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়ার মানসিকতা পোষণ করছে, যা অসমের সত্র, মন্দির, সংস্কৃতি ও মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, “এই ধরনের ‘বড় অসম’ আমাদের প্রয়োজন নেই।” বরপেটা মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এর নাম পরিবর্তন করা হয়েছে এবং পুনরায় পরিবর্তন করতে হলে “গগৈকে সাতবার জন্ম নিতে হবে” বলেও মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, আগামী দিনে কংগ্রেসের আরও বহু নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। একই সঙ্গে অসমের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কংগ্রেসের নীতি রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ের জন্য ক্ষতিকর হতে পারে। এই প্রচারসভায় সর্তেবাড়ি ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।



