শনিবার গুয়াহাটিতে অমিত শাহর রোড-শো, ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে প্রার্থীদের প্রচার তৎপরতা জোরদার হচ্ছে। ইতিমধ্যে বিজেপি ও কংগ্রেস উভয় দলই তাদের স্টার প্রচারকদের তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী আগামী ২৮ মার্চ গুয়াহাটিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার রাতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, ২৮ মার্চ গুয়াহাটিতে আর্য বিদ্যাপীঠ থেকে পল্টন বাজারের নেপালি মন্দির পর্যন্ত রোড-শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরের দিন অর্থাৎ ২৯ মার্চ ঢেকিয়াজুলি এবং টিহুর চামতায় দু’টি সভায় অংশগ্রহণ করবেন তিনি।

১ এপ্রিল গহপুর এবং গোগামুখে দু’টি প্রচার সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বনাথ জেলার বিহালীতে জেলার সবকটি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি। পাশাপাশি ধেমাজি ও লখিমপুর জেলার প্রার্থীদের হয়ে গোগামুখে একটি সভা করবেন।

এ ছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ একটি, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দু’টি এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ একটি প্রচার সভায় অংশগ্রহণ করবেন।

জানা যায়, আগামী ৫ এপ্রিল নির্বাচনী প্রচারে অংশ নিতে ফের আসবেন প্রধানমন্ত্রী। টিংখাং কেন্দ্রের অন্তর্গত খোয়াং, মরান ও মাহমরা অঞ্চলের সংযোগস্থলে একটি জনসভা অনুষ্ঠিত হবে। তবে সভার সুনির্দিষ্ট স্থান এখনও নির্ধারিত হয়নি।”
অন্যদিকে, ৫ এপ্রিলও দু’টি নির্বাচনী সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ডিব্রুগড় ও তিনিসুকিয়া জেলার প্রার্থীদের সমর্থনে মরানে প্রচার চালানোর পাশাপাশি একই দিনে হোজাই ও লামডিং এলাকাতেও জনসভা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *