বরাক তরঙ্গ, ২৪ মার্চ : রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর নির্দেশনায় এবং কলেজের ‘কেরিয়ার কাউন্সেলিং সেল’-এর উদ্যোগে গত ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাবে চার দিনব্যাপী এক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।
এই কর্মসূচিটি ত্রিপুরা সরকারের ‘স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশন’-এর সহযোগিতায় পরিচালিত হয়। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ভারত সরকারের পর্যটন মন্ত্রকের একটি উদ্যোগ ‘ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি’-র অধিভুক্ত।
পড়ুয়াদের আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যানিংয়ের মাধ্যমে আধার-ভিত্তিক যাচাইকরণের সাহায্যে স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল, শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতাকে নিয়ে উন্নয়নমূলক সুযোগ-সুবিধা এবং সরকার-সমর্থিত কেরিয়ার সংক্রান্ত প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত করা। জানা গেছে, এই চার দিনের কর্মসূচিতে প্রায় ১০০ জন পড়ুয়াকে সফলভাবে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সহায়তা করা হয়েছে। রিসোর্স পার্সন সত্যজিৎ কলিতা, দিব্যাংশু সিং এবং আশান্ত ডেকা-র একনিষ্ঠ সহায়তায় সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
জাতীয় স্তরের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার এই উদ্যোগ, মূলত পড়ুয়াদের কল্যাণ, ডিজিটাল মাধ্যমে প্রবেশাধিকার এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রতি রাধামাধব কলেজ কর্তৃপক্ষের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।



