বরাক তরঙ্গ, ২৩ মার্চ : যথাযোগ্য মর্যাদায় ভারতের মহান বিপ্লবী শহিদ ভগৎ সিং-এর শহিদ দিবস পালন করে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর কাছাড় জেলা কমিটি। সংগঠনগুলির যৌথ উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সোমবার সকাল ৮ টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনগুলির কর্মী, সমর্থকরা। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয় যে নির্বাচনে মনোনয়নপত্র প্রদানের শেষ দিন থাকায় আজ জেলার বিভিন্ন স্থান যথাক্রমে কাটিগড়া, কালাইন, উদারবন্দ, সোনাই ইত্যাদি স্থানে অনুষ্ঠান আয়োজন করা হয়নি।

কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে শিলচরের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পর এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি থাকায় শিলচর শহরে রাজনৈতিক কর্মীদের ব্যাপক ভিড় ছিল। সংগঠনগুলির পক্ষ থেকে দুলালী গাঙ্গুলি অভিযোগ করেন, মনোনয়ন দিতে আসা শাসক ও বিরোধী দলের একদল কর্মী ও সমর্থকরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্থাপিত ভগৎ সিং-এর অস্থায়ী শহীদ বেদীর অবমাননা করে এবং বেদীর ব্যাপক ক্ষতি সাধন করে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চার সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয় যে, “যে মহান বিপ্লবীর আত্মবলিদানের ওপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাঁর প্রতি এই ধরনের অসম্মানজনক আচরণ মেনে নেওয়া যায় না। রাজনীতির নামে যারা দেশের প্রকৃত বীরদের মর্যাদা দিতে জানে না, তারা কখনওই দেশের সেবক হতে পারে না। এই ঘটনা প্রমাণ করে যে মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে দেশপ্রেম কেবলই একটি স্লোগান, কিন্তু অন্তরে বিপ্লবীদের প্রতি তাঁদের কোনও শ্রদ্ধা নেই।”
সংগঠনগুলির পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। বিপ্লবীদের স্মৃতি রক্ষার লড়াই এবং তাঁদের আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আন্দোলন আগামী দিনে আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতৃত্ব।



