বরাক তরঙ্গ, ২০ মার্চ : মিত্রদল রাইজর দলকে ১১টি আসন ছেড়ে দিয়ে শুক্রবার কংগ্রেস তাদের চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর বৃহস্পতিবার রাতে কংগ্রেস ও রাইজর দলের মধ্যে আসন সমঝোতার ভিত্তিতে জোট চূড়ান্ত হয়। জোট সম্পন্ন হওয়ার পরদিনই কংগ্রেস সাতটি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করে। এর আগে তিন দফায় কংগ্রেস মোট ৮৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। চতুর্থ তালিকায় আরও ৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণার ফলে দলটির মোট ঘোষিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ৯৪।

অন্যদিকে অসম জাতীয় পরিষদসহ অন্যান্য মিত্রদলের জন্য কংগ্রেস ১৫টি আসন ছেড়ে দিয়েছে। পাশাপাশি রাইজর দলকে দেওয়া হয়েছে ১১টি আসন। ফলে কংগ্রেস ও মিত্রজোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০টি। এখনও ৬টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।
শুক্রবার ঘোষিত চতুর্থ তালিকা অনুযায়ী জালুকবাড়ি কেন্দ্রে বিদিশা নেওগ, টংলা কেন্দ্রে রোহিত পারিগা, বিশ্বনাথ কেন্দ্রে জয়ন্ত বরা, নাওবৈচা কেন্দ্রে ড. জয়প্রকাশ দাস, মাহমরা কেন্দ্রে জ্ঞানদীপ মহন, তিতাবর কেন্দ্রে প্রাণ কুর্মী এবং হাইলাকান্দি কেন্দ্রে রাহুল রায়কে প্রার্থী করা হয়েছে। তিতাবরের বর্তমান বিধায়ক ভাস্কর বরুয়াকে এ বার দল টিকিট দেয়নি। তাঁর পরিবর্তে প্রাণ কুর্মীকে প্রার্থী করা হয়েছে।

এদিকে, রাইজর দলকে যে ১১টি আসন ছাড়া হয়েছে সেগুলি হল— মানস, দলগাঁও, ধিং, কলিয়াবর, তেজপুর, চিচিবরগাঁও, মার্ঘেরিটা, ডিগবই, শিবসাগর, মরিয়নি এবং বোকাখাট।
উল্লেখ্য, কংগ্রেস প্রথম তালিকায় ৪২টি, দ্বিতীয় তালিকায় ২৩টি এবং তৃতীয় তালিকায় ২২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। এর আগে মিত্রদলগুলির জন্য যে ১৫টি আসন ছাড়া হয়েছিল, সেগুলি হল— ভবানীপুর-সোরভোগ, বজালি, পলাশবাড়ি, মধ্য গুয়াহাটি, গোরেশ্বর, মরিগাঁও, বড়মপুর, বিন্নাকান্দি, বিহালি, সদিয়া, ডিব্রুগড়, খোৱাং, সরুপথার, ডিফু এবং আমরি কেন্দ্র।




