মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : পবিত্র ঈদ-উল ফিতরকে ঘিরে প্রতি বছরের মতো এবারও নান্দনিক সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঈদগাহ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে উৎসবের আনন্দঘন আবহ। ঈদের নামাজ আদায়ের জন্য ইতোমধ্যেই ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুসজ্জিত করা হয়েছে। শনিবার সকাল ৯টায় করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পরিচালনা করবেন আল ফুরকান অ্যাকাডেমির ডিরেক্টর ও প্রিন্সিপাল এবং আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়ার মুহাদ্দিস মুফতি মাহবুবুল আলম বড়ভূইয়া।

ঈদের দিন ভোর থেকেই শুরু হবে বিভিন্ন কর্মসূচি। সকাল সাড়ে ৬টা থেকে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারে আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা পূর্বের সব রেকর্ড অতিক্রম করতে পারে। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে জানান, ঈদ আনন্দের উৎসব। তাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই ঈদের খুশিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।




