হাইলাকান্দিতে এমসিএমসি প্রশিক্ষণ: পেইড নিউজ ও ডিজিটাল কনটেন্ট নজরদারিতে জোর

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : আসন্ন আসাম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মিডিয়া সার্টিফিকেশন ও মনিটরিং কমিটি (এমসিএমসি) সেল এবং মিডিয়া সেলের কর্মীদের জন্য একদিনের প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত থেকে ড. মিঠুন নাথ এমসিএমসি-র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে জানান, বর্তমান সময়ে নির্বাচনী প্রচারের একটি বড় অংশ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে এমসিএমসি-র কার্যপরিধি এখন প্রচলিত সংবাদমাধ্যমের পাশাপাশি অনলাইন কনটেন্ট পর্যবেক্ষণের ক্ষেত্রেও সম্প্রসারিত হয়েছে।তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দল বা প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় যে কোনও ধরনের নির্বাচনী বিজ্ঞাপন প্রচারের পূর্বে এমসিএমসি-র অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া প্রচারিত বিজ্ঞাপনকে নির্বাচনী বিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশিক্ষণে ‘পেইড নিউজ’, ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য, গোপন রাজনৈতিক প্রচার, বিদ্বেষমূলক বা উস্কানিমূলক কনটেন্ট শনাক্তকরণ এবং তাৎক্ষণিক রিপোর্টিং সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের কনটেন্ট দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পদ্ধতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও মিডিয়া মনিটরিংয়ের আধুনিক পদ্ধতি, নির্ভুল ও সময়োপযোগী প্রতিবেদন প্রস্তুতকরণ এবং দলগত সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, যাতে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি স্তরে কার্যকর নজরদারি নিশ্চিত করা যায়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ঋষিকেশ বরুয়া, সহকারী কমিশনার প্রসেনজিৎ দেব এবং অনুশ্রুত কাশ্যপ দাসসহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়নে এমসিএমসি সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়াসহ সকল ধরনের নির্বাচনী প্রচারের উপর এমসিএমসি-র নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *