১৯ জুলাই : বাংলাদেশে পাচারের আগেই বড়সড় অস্ত্র পাচারচক্রের হদিশ পেল সিআইডি। অভিযানে এক মহিলাকে গ্রেফতার করে তাঁর কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ২০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি ৭ এমএম পিস্তল এবং দুটি ৯ এমএম পিস্তল। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রের ভিত্তিতে তাঁর নাম পূজা বিশ্বাস। তিনি উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে সিআইডির দাবি, বিহারের মুঙ্গের থেকে ওই মহিলা অস্ত্রগুলি নিয়ে এসেছিলেন। সেগুলি বাংলাদেশে পাচারের আগেই তাঁকে আটক করা হয়।
এই অস্ত্র পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, অস্ত্রগুলি কোথায় কোথায় সরবরাহ করা হতো এবং গোটা চক্রের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিআইডির প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বৃহত্তর আন্তঃরাজ্য ও সীমান্তপারের অস্ত্র পাচারচক্রের যোগ থাকতে পারে।



