বরাক তরঙ্গ, ১০ মার্চ : নির্বাচন সামনে রেখে মঙ্গলবার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। একই দিনে এবং প্রায় একই সময়ে রাজ্যের প্রায় ৪০ লক্ষ ‘অরুণোদয়’ হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ল মোট ৩৬০০ কোটি টাকা।
অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি হিতাধিকারীকে মঙ্গলবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর আগে একই দিনে একসঙ্গে এত বিপুল পরিমাণ অর্থ রাজ্য সরকারের তরফে হস্তান্তরের নজির ছিল না। ফলে এই পদক্ষেপকে এক নতুন রেকর্ড হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে রাজ্যজুড়ে একই সময়ে প্রায় ৩৮০০টি সভা আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাগুলি চলাকালীনই লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীর অ্যাকাউন্টে ৯ হাজার টাকা করে জমা পড়ে। গুয়াহাটির জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ। উল্লেখযোগ্য যে, বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র অধীনে লক্ষাধিক মহিলাকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল, যার প্রভাব নির্বাচনী ফলাফলেও দেখা গিয়েছিল। সেই ধাঁচেই এবার অসমে ৪০ লক্ষ অরুণোদয় হিতাধিকারীর মধ্যে ৯ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হল, এইবার রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। নির্বাচনের আগে মহিলাদের আকৃষ্ট করতেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিহু উপহার হিসেবে ঘোষণা করা হলেও নির্বাচনের ঠিক আগে রাজ্য সরকার এই খাতে মোট ৩৬০০ কোটি টাকা ব্যয় করেছে। এর ফলে ৪০ লক্ষ মহিলা সরাসরি ৯ হাজার টাকা করে নগদ সহায়তা পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের অধিসূচনা জারি হওয়ার পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সাধারণত নতুন সরকারি হিতাধিকারী প্রকল্প বা আর্থিক সুবিধা বিতরণ বন্ধ থাকে। সেই কারণেই মাসে ১২৫০ টাকা করে পাওয়া অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের একসঙ্গে ৯ হাজার টাকা করে আগাম দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সমালোচক মহলের দাবি, হিতাধিকারীদের সন্তুষ্ট রাখতে সরকার বিপুল অর্থ ব্যয় করলেও রাজ্যের ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে রাজ্য সরকার প্রায় ৮৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে বলেও জানা গেছে।



