মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকাল প্রায় ৬টা নাগাদ শ্রীগৌরী এলাকায় দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী একটি ট্রাভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাভেলারটি রাস্তার পাশের খাদে উল্টে যায় এবং সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দু’জন যাত্রীর মৃত্যু হয়। পরে আরও এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের নাম নিরদ দাস ও তপন বিশ্বাস।
দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটির নম্বর TR 05 H 1738 এবং ট্রাভেলারটির নম্বর AS 10 C 6667।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত এক যুবককে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করে। পুলিশ উভয় যানবাহন হেফাজতে নেয়।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলারটির যাত্রীরা একটি কীর্তনীয়া দলের সদস্য ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন রিনা মালাকার (৩৭), প্রণব রায় (৩০), মনোষা রায় (৪৫), চন্দন দে (৪৪), কৃষ্ণা সূত্রধর (৩৬), সুপ্রাণ দাস (৪৪), লিপিকা দাস (৫১), সুমতি বিশ্বাস (৩০), অতিঅলি দাস রায় (৩০), সজল মালাকার (২৮), রঞ্জিতা মালাকার (৩০), প্রদীপ রায় (৭), বীরেন্দ্রনাথ তালুকদার (৫৫), রন্দির দাস (৫০), প্রদীপ রায় (১২), পম্পম রায় (৪২) ও মনিষা বিশ্বাস (১১)। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।



