বরাক তরঙ্গ, ৮ জুন : মণিপুরের কাংপোকপি জেলায় সোমবার সন্দেহভাজন জঙ্গি হামলায় এক ৫৮ বছর বয়সী গ্রামবাসীর মৃত্যু হয়েছে। অভিযোগ, জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া একদল গ্রামবাসীর ওপর অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা গুলি চালায়। নিহত ব্যক্তির নাম চুংজাংলুং পানমেই (৫৮)। তিনি রোংমেই নাগা সম্প্রদায়ভুক্ত পংরিংলং পার্ট-১ গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, টুপুল গ্রামের উপরের একটি বনাঞ্চলে এই ঘটনা ঘটে। এলাকাটি নিউ কেইথেলমানবি থানার প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। হামলার খবর পাওয়ার পরই মণিপুর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করে। দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে বনাঞ্চল থেকে পানমেইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এক পুলিশ আধিকারিক জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। অন্য গ্রামবাসী পালিয়ে যেতে সক্ষম হলেও পানমেইয়ের ডান পায়ে গুলিবিদ্ধ হন।”
উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাসের জাতিগত অস্থিরতার পর মণিপুরে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এমন সময়ে এই হত্যাকাণ্ড রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
অন্যদিকে, অপহৃত ১৪ জন কুকি জিম্মির পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনদের নিরাপদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফের আবেদন জানিয়েছেন। সোমবার কাংপোকপি শহরের কুকি মহিলারাও তাফৌ কুকি গ্রামে চলমান শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে যোগ দেন।



