রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলকুড়ি চতুর্থ খণ্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পূজা রাজভর নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের ছোট ভাই পাপ্পু গোয়ালা ও মা মীনা গোয়ালা সাংবাদিকদের জানান, প্রায় ১৫ বছর আগে পূজার বিয়ে হয় স্থানীয় প্রদীপ রাজভরের পুত্র প্রভাকর রাজভরের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর প্রদীপ রাজভর ও স্বামী প্রভাকর রাজভর পূজাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
পরিবারের দাবি, মঙ্গলবার সকাল প্রায় ৮টায় পাপ্পু গোয়ালার ফোনে খবর আসে যে পূজা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং তাঁর মৃতদেহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। তবে মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে পাপ্পু দেখতে পান, স্বামী প্রভাকর রাজভর মৃতদেহ নিয়ে বাড়ির দিকে ফিরছেন। এতে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া কীভাবে ফাঁস লাগানো মৃতদেহ নামানো হল।
এই ঘটনার পর যাদব মহাসভার কাছাড় জেলা কমিটির সভাপতি পাপ্পু যাদবের নেতৃত্বে সংগঠনের একদল সদস্য শিলকুড়িতে পূজার বাড়িতে পৌঁছে প্রতিবাদ জানায়। তাঁরা জেলা পুলিশ প্রশাসনের কাছে শ্বশুর প্রদীপ রাজভর ও স্বামী প্রভাকর রাজভরের বিরুদ্ধে নিরপেক্ষ আইনি তদন্ত চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।



