বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে “ব্যাঙ্ক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য” বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা শনিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, কাছাড়, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর গৌহাটি শাখার ম্যানেজার অভিষেক সিং ও রিয়া বনসাল, এলডিএম কাছাড়, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এর প্রতিনিধি রবিশঙ্কর লিকমাবাম ও বিপ্রজিত দত্তসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষার্থীরা।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, ব্যাঙ্কিং ও আর্থিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে সচেতনতামূলক ও দক্ষতাভিত্তিক কর্মসূচি আয়োজন করে আসছে।
রিয়া বনসাল ভারতীয় ব্যাঙ্ক নোটে সংযোজিত বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জাল নোট প্রতিরোধ এবং আসল নোট শনাক্তকরণের উপায় হিসেবে তিনি ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রো-লেটারিং, ল্যাটেন্ট ইমেজ, রঙ পরিবর্তনকারী কালি এবং দৃষ্টিহীনদের জন্য বিশেষ চিহ্নের বিষয় তুলে ধরেন। পাশাপাশি সহজ পদ্ধতিতে আসল ও নকল নোট চিহ্নিত করার কৌশল সম্পর্কেও শিক্ষার্থীদের দিকনির্দেশ দেন।

অভিষেক সিং বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অচেনা লিঙ্কে ক্লিক না করা, অপরিচিত ফোনকল বা বার্তায় ব্যক্তিগত তথ্য শেয়ার না করা এবংওটিপি, পিন কিংবা পাসওয়ার্ড কারও সঙ্গে ভাগ না করার পরামর্শ দেন।



