ভালুকের আক্রমণে গুরুতর আহত শ্রমিক

বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : জঙ্গল থেকে বাঁশ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ ভালুকের আক্রমণে গুরুতর আহত হলেন এক পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার শান্তিরবাজার মহকুমাধীন দেবীপুর তৈইথাং এলাকায়। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুর নাগাদ ওই শ্রমিক প্রতিদিনের মতোই জঙ্গলে বাঁশ সংগ্রহ করতে যান। সেই সময় আচমকাই জঙ্গলের গভীর থেকে একটি হিংস্র ভাল্লুক বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই শ্রমিকটি গুরুতরভাবে আহত হন। ভালুকের ধারালো নখ ও দাঁতের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়।শ্রমিকের চিৎকার ও আর্তনাদ শুনে আশপাশের এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ভালুকটি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনার পর থেকেই দেবীপুর তৈইথাং সহ পার্শ্ববর্তী এলাকায় তীব্র ভালুক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জঙ্গলের কাছাকাছি বসবাসকারী মানুষজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই দৈনন্দিন কাজকর্মে যেতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে জঙ্গলে কাজ করা শ্রমিক ও গ্রামবাসীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গল সংলগ্ন এলাকায় বন্য জন্তুর উপদ্রব বেড়েই চলেছে। অথচ বন দপ্তরের তরফে তেমন কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত বন বিভাগের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, এলাকায় টহল বাড়ানো, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে ভালুকটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক।

এদিকে, বন দপ্তর সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার পর প্রশ্ন উঠছে—বনাঞ্চল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *