বরাক তরঙ্গ, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলচরের মধ্যসহর সাংস্কৃতিক সংগঠনের প্রেক্ষাগৃহে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের পর শহরের প্রধান সড়কগুলোতে একটি মিছিল বের করা হয়। রবিবার এই কর্মসূচির মূল সুর ছিল নারী নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সমাজ থেকে মদ, ড্রাগস ও অশ্লীলতা নির্মূল করা। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. কস্তুরী হোম চৌধুরী, সুকল্পা দত্ত, ড. সুনীতা চক্রবর্তী এবং এআইএমএসএস এর জেলা সম্পাদিকা ও অসম রাজ্য কমিটির সহ-সভাপতি দুলালী গাঙ্গুলি। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা এক চরম সংকটের মুখে। ঘরে-বাইরে কোথাও নারীরা নিরাপদ নন। এর পাশাপাশি সমাজজুড়ে ছড়িয়ে পড়া মাদক ও অশ্লীল সংস্কৃতির দাপট নারী নিগ্রহের ঘটনাকে আরও ত্বরান্বিত করছে।

তাঁরা বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নারী দিবস পালন করলেই হবে না, বরং নারীদের অধিকার রক্ষা এবং সুস্থ সমাজ গঠনের লড়াইকে তীব্রতর করতে হবে। প্রশাসনকে মাদক ও ড্রাগসের রমরমা ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আলোচনা সভা পরিচালনা করেন যথাক্রমে রেখা ভট্টাচার্য, অনিমা বর্মন এবং মায়া বাগতি।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সূচনা হয় শ্রাবন্তী হোম চৌধুরীর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। এছাড়াও নারী জাগরণের গান আয়োজিত মিছিলে সংগঠনের কর্মী ও সাধারণ মহিলারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মিছিল থেকে ‘নারী সুরক্ষা সুনিশ্চিত করো’, ‘মদ-ড্রাগস-অশ্লীলতা বন্ধ করো’ এবং ‘নারীর ওপর হিংসা রুখে দাঁড়াও’—এই স্লোগানগুলো জোরালোভাবে তোলা হয়।
সংগঠনের জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী দিনেও নারীদের মর্যাদা ও অধিকার রক্ষার এই লড়াই অব্যাহত থাকবে।



