গঙ্গানগরে বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বাইকের ধাক্কায় মৃত্যু প্রাণ হারালেন এক মহিলা। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার আমড়াঘাট–মতিনগর এসএমডি পূর্ত সড়কে। জানা গেছে, গঙ্গানগর আইডিবিআই ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় সড়ক পার হচ্ছিলেন ৯০ বছর বয়সী বাসন্তী পাল। সেসময় একটি বাইক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তাঁর বাড়ি গঙ্গানগর ষষ্ঠ খণ্ড গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় মতিনগর দিক থেকে আসা এমজেড ০১ পি ৭১৯৪ নম্বরের একটি বাইক সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাইক চালকও গুরুতরভাবে আহত হন বলে জানা গেছে, তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে কচুদরম পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় বাসন্তী পালের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *