করিম উদ্দিনের সমর্থনে মাইক্রোফোন হাতে আক্তার, সোনাইয়ে জমে উঠছে দ্বিমুখী লড়াই

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সোনাই আসনে লড়াই ক্রমেই তীব্র আকার নিচ্ছে। মূলত দুই প্রার্থীর মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা জোরালো হয়েছে। প্রতিদিনই প্রচারের তীব্রতা বাড়ছে, বদলাচ্ছে সমীকরণ—সব মিলিয়ে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই।

এই পরিস্থিতির মধ্যেই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার সমর্থনে মাঠে নেমে জোর প্রচার চালাতে দেখা গেল বিক্ষুব্ধ কংগ্রেস নেতা তথা প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়াকে। তাঁর এই পদক্ষেপে অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়ার পক্ষে বাড়তি সুবিধা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে মত।

জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক নিয়ে আক্তার হোসেন বড়ভূইয়া করিম উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সেলুরপার এলাকায় এক নির্বাচনী সভায় তিনি নিজেই মাইক্রোফোন হাতে তুলে নিয়ে প্রচারে অংশ নেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত জনতার ব্যাপক সমর্থন ও হাততালি কুড়িয়ে নেন।

বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস প্রার্থী আমিনুল হকের মন্তব্যের কড়া জবাব দেন। আক্তার বলেন, “আমিনুল হক আমাদের ‘নকল কংগ্রেসি’ বলেছেন। তবে এই ‘নকল কংগ্রেসিরাই’ নির্বাচনের ফলাফলে তার জবাব দেবে।” একই সঙ্গে তিনি সকলকে অগপ প্রার্থীর সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *