দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : শিলচর পুর নিগমের অধীন ২৩ নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টির পরেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দেড় থেকে দুই বছর ধরে শুকনো মৌসুমেও এলাকায় জল জমে থাকছে। আর বৃষ্টি হলেই এক হাঁটু পর্যন্ত জল জমে যায়, ফলে স্বাভাবিক জনজীবন কার্যত অচল হয়ে পড়ে।
বাসিন্দাদের মতে, পদ্মনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার মূল কারণ হল পাশ্ববর্তী ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট এবং মন্দিরদিঘির পাড়ের রাস্তার কালভার্ট নির্মাণকাজ। নির্মাণের সময় জমে থাকা মাটি ও অব্যবস্থাপনার কারণে সঠিকভাবে জল নিষ্কাশন হচ্ছে না। বিশেষ করে তিন নম্বর লেনে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
এর ফলে নিচু এলাকায় থাকা বাড়িগুলিতে জল ঢুকে পড়ছে। ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয়রা বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা কমিশনারের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি দ্রুত জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান না করা হয়, তবে আগামী বিধানসভা নির্বাচনে তারা গণতান্ত্রিকভাবে ভোট বয়কট করবেন। এই দাবিতে সরব হয়েছেন শীলা পাল, রূমা পাল চৌধুরী, সবিতা পাল, অঞ্জনা পাল, গৌরী দেব, সায়ন ভট্টাচার্য, দিজু পাল, বিবু পাল, শ্যামল পাল, অজিত দেব সহ বহু স্থানীয় বাসিন্দা।

ভুক্তভোগী বাসিন্দা শীলা পাল বলেন, “আমাদের ঘরে জল ঢুকে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। শুকনো মৌসুমেও জল থাকে, আর বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বিধায়ক ও জেলা কমিশনার যদি বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখেন, তাহলে আমরা ভোট দিতে যাব না।”



