বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সার্ভিস লেন নির্মাণের দাবিতে শনিবার কাছাড় জেলার সৈদপুর এলাকায় ভারতমালা প্রকল্পের আওতায় চলমান জাতীয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, ভারতমালা প্রকল্পের অধীনে নির্মিত নতুন জাতীয় সড়কটি বারিকনগর পিডব্লিউডি রোড অতিক্রম করলেও ওই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কোনও সার্ভিস লেন রাখা হয়নি। ফলে সড়কের দুই পাশের বসবাসকারী মানুষের জন্য মূল সড়কে ওঠানামা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি এই সড়ক ব্যবহার করেই শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নির্মীয়মান জেলাশাসক কার্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত পৌঁছনোর প্রয়োজন হয়। সার্ভিস লেন না থাকলে জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে দাবি তাঁদের।
শনিবার সকালে গ্রামবাসীরা লক্ষ্য করেন, জাতীয় সড়কে ওঠার জন্য আগে তৈরি করা একটি সংযোগ রাস্তা জেসিবি মেশিন দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিষয়টি দেখেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একত্রিত হন এবং নির্মীয়মাণ সড়কের একাংশে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেন।
পরে সংবাদমাধ্যমের সামনে নিজেদের দাবি তুলে ধরে আন্দোলনকারীরা জানান, তাঁরা ইতিপূর্বে কাছাড়ের জেলা শাসক ও জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছিলেন। ওই আবেদনে বারিকনগর পিডব্লিউডি রোড সংযোগস্থলে একটি সার্ভিস লেন নির্মাণের স্পষ্ট দাবি জানানো হয়েছিল বলে জানান তাঁরা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থা NHIDCL প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আন্দোলনকারীদের জানান, সার্ভিস লেন নির্মাণের বিষয়টি তাদের প্রাথমিক প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত নয় এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে। বর্তমানে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকিব হোসেন মজুমদার, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর সহ অন্যান্যরা।



