উধারবন্দে বিজেপির সংখ্যালঘু মোর্চার জোরদার প্রচার

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আবহে উধারবন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে জোরদার প্রচারে নেমেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটি। শনিবার উদারবন্দের বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, উপসভাপতি ময়না মিয়া লস্কর, আইনজীবী জলাল উদ্দিন লস্কর এবং মিডিয়া সমন্বয়ক খাইরুল আলম মজুমদার। সকাল থেকেই আনুষ্ঠানিক প্রচার অভিযানের সূচনা করে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।

এদিন প্রার্থীর সমর্থনে প্রবীণদের আশীর্বাদ গ্রহণের পাশাপাশি যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং উদারবন্দের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। মহিলাদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা—যেমন রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয়জল, বিদ্যুৎ, কৃষি ও শিক্ষা সংক্রান্ত বিষয়গুলির সমাধানে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন সংখ্যালঘু মোর্চার নেতারা। তারা দাবি করেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *