বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : রাজ্যে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন জানালো ‘সাউথ অসম আন-এমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশন।’ সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৌরভ দেব বলেন, কর্মসংস্থানের অভাবে যুব প্রজন্ম আজ দিশাহারা। সরকারি ভ্রান্ত নীতির জন্য প্রকৃত উন্নয়ন স্তব্ধ। এই অবস্থায় কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। সৌরভ দেব জানান, বরাক উপত্যকায় স্থানীয় ভিত্তিতে তৃতীয়, চতুর্থ শ্রেণির চাকরিতে নিযুক্তির প্রশ্নে ‘সাউথ অসম আন-এমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশন’ যখন আন্দোলনে নেমেছিল, তখন অভিজিৎ পালের মতো কংগ্রেস নেতা পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। সৌরভ দেব এও যোগ করেন, ২০২০ সালে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলনের সময় শিলচরে তাঁকে যখন গ্রেফতার করা হয়েছিল, কংগ্রেস নেতা অভিজিৎ পাল তখন থানায় এসে তাঁর মুক্তির ব্যবস্থা করেন। বরাক উপত্যকার অধিকার রক্ষায় অভিজিৎ পাল সব সময় সক্রিয় ও সোচ্চার থাকেন,তাই তাঁর কাছে তাঁরা কৃতজ্ঞ।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিমত ব্যক্ত করে সৌরভ দেব বলেন, এ বার পরিবর্তন ঘটাতে হবে। জয়ী করতে হবে কংগ্রেস ঐক্যজোটকে। শিলচর কেন্দ্রে অভিজিৎ পাল, বড়খলা কেন্দ্রে ডাক্তার অমিতকুমার কালোয়ারের মতো যুব প্রার্থীরা বিধায়ক নির্বাচিত হলে নবীন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন এমন আশার কথা ব্যক্ত করেন সৌরভ দেব।



