ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

Spread the news

১৫ জানুয়ারি : ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে সোমালিয়া।

মূলত যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে ‘ইরান পরিস্থিতি’ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। গত ১২ দিন ধরে ইরানে চলা আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র মনে করছে, ইরানের বর্তমান পরিস্থিতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি এবং এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

আজকের বৈঠকে ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর কঠোর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও চীন এই আলোচনাকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *