আজ নয় কাল বলে উদ্যমিতার চেক বাউন্স, ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের হুমকি

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় সেলফ হেল্প গ্রুপভুক্ত ৪৩ জন মহিলা দুই মাস ধরে চরম হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত থেকে উদ্যমিতার চেক পেলেও আজ পর্যন্ত সেই অর্থ হাতে পাননি তারা।

জানা গেছে, ৮ ডিসেম্বর কুয়ারপার চিবিটাবিচিয়া এলাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চেকগুলি জমা দেওয়া হয়। সরকারের ‘লাখপতি দিদি’ প্রকল্পের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেওয়া এই চেকের টাকা পাওয়ার আশায় মহিলারা বারবার ব্যাঙ্কে গেছেন। কিন্তু প্রতিবারই ব্যাংক ম্যানেজারের কাছ থেকে ‘দু’দিন পরে আসুন’, ‘তিন দিন পরে আসুন’—এই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অবশেষে আজ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, চেকগুলি বাউন্স হয়েছে, ডেট সংশোধনের প্রয়োজন রয়েছে এবং বিষয়টি এসআরএম ডিপার্টমেন্টে রিটার্ন করা হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, “আমার হাতে কিছু নেই, কিছু করতে পারব না।”

এই ঘটনায় সংশ্লিষ্ট মহিলারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বিষয়টি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি—অবিলম্বে সমস্যার সমাধান, দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত প্রাপ্য অর্থ প্রদান। দাবি না মানলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *