বরাক তরঙ্গ, ২২ মার্চ : উধারবন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণাকে ঘিরে জোর বিতর্কের মাঝেই দল ছাড়লেন মনোনয়ন-প্রত্যাশী সুরেন্দ্রপ্রসাদ সিং। রবিবার কাছাড় জেলা বিজেপি সভাপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্র সহ-সভাপতি অভ্রজিৎ চক্রবর্তীর হাতে তুলে দেন তিনি। জানা গেছে, উধারবন্দ আসনে বিজেপির মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন সুরেন্দ্রপ্রসাদ সিং-সহ মোট দশজন নেতা। তাঁরা একজোট হয়ে আগেই দাবি জানিয়েছিলেন, তাঁদের মধ্য থেকেই একজনকে প্রার্থী করা হোক এবং কোনও অবস্থাতেই রাজদীপ গোয়ালাকে প্রার্থী না করা হয়। তবে দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাকেই উধারবন্দে প্রার্থী হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই দশজনের মধ্যে আটজন দল ছেড়েছেন। গুয়াহাটিতে থাকার কারণে দেরিতে রবিবার শিলচরে পৌঁছে জেলা কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্রপ্রসাদ সিং।
পদত্যাগের পর জেলা বিজেপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দলে আর কোনও আদর্শ অবশিষ্ট নেই, বরং এখন সম্পূর্ণভাবে ‘কংগ্রেস-কালচার’ বিরাজ করছে। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে নিষ্ঠার সঙ্গে বিজেপি করে আসছেন এবং দলের দেওয়া প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
অটলবিহারি বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশি ও কবীন্দ্র পুরকায়স্থ-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতি করেছেন বলেও জানান তিনি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েও দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
তবে বর্তমান পরিস্থিতিতে দল থেকে এমন সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না বলেই জানান সুরেন্দ্রপ্রসাদ সিং। তাঁর কথায়, “দলের কাছে এমন প্রতিদান প্রত্যাশা করিনি। তাই অত্যন্ত ভগ্নহৃদয়ে ও ব্যথিত চিত্তে প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলাম।”
একই সঙ্গে তিনি জানান, মনোনয়ন-প্রত্যাশী দশজন নেতা একসঙ্গে থেকে আগামী দিনে উধারবন্দ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের কৌশল নির্ধারণ করবেন এবং জয়ের লক্ষ্যে এগিয়ে যাবেন।



