শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে দুই ব্যক্তি আটক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই :
শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁদের ঘুংগুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন সুমন সিং (৩৬) ও প্রদীপ মাহালী (৩৭)। তাঁদের বাড়ি কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে।

জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা তৈমুন নেসা (৩৫) গত শনিবার থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর জন্য রক্তের প্রয়োজন হলে পরিবারের সদস্যরা রক্তের ব্যবস্থা করতে উদ্যোগী হন। সেই সময় এক ব্যক্তি তাঁদের কাছে এসে দ্রুত রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে রোগীর স্বামী নামর উদ্দিনের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ হয়।

অভিযোগ, রক্তের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা সাড়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা টাকা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয় এবং পরে তাঁদের ঘুংগুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

তবে ধৃত দুই ব্যক্তি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁরা রক্তের জন্য কোনো অর্থ দাবি করেননি। তাঁদের বক্তব্য, শুধুমাত্র চা-নাস্তার খরচ বাবদ কিছু টাকা চেয়েছিলেন। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডা. বিকাশ সান্যাল জানান, হাসপাতাল চত্বরে সক্রিয় দালালচক্র ও চোরচক্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর অভিযান চালানো হচ্ছে। তিনি রোগীর পরিবারকে কোনো দালালের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে ঘুঙুর পুলিশ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *